এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন এবং এতে উত্তীর্ণদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অনেক শিক্ষার্থী হতাশা, অনিশ্চয়তা ও শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার আশঙ্কায় রয়েছে; অভিভাবকেরাও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তাদের ভাষ্য, একটি পরীক্ষায় ব্যর্থ হওয়া কোনো শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা বা ভবিষ্যতের সমাপ্তি নয়। তারা নিয়মবহির্ভূত কোনো সুবিধা নয়, বাস্তব পরিস্থিতি বিবেচনায় মানবিক, বাস্তবসম্মত ও শিক্ষাবান্ধব সমাধান চেয়েছেন।
পাঁচ দফা দাবিতে তারা সিলেবাস, মানবণ্টন, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন ও যোগ্যতার নির্দেশনা দ্রুত প্রকাশের আহ্বান জানান। পর্যাপ্ত প্রস্তুতির সময়, দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশ এবং উত্তীর্ণদের একাদশে ভর্তি নিশ্চিতের ব্যবস্থাও চান তারা। পরীক্ষা সম্ভব না হলে একাদশে ভর্তি এবং পরের বছর কলেজে পড়ার সময় সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।