রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ও এক শিক্ষার্থী ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণা ও জরিপের ভিত্তিতে তালিকাটি প্রকাশ করা হয়েছে।
তালিকায় রয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান ও সহযোগী অধ্যাপক মো. হাসান আলী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম এবং একই বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ। অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ইসলাম বলেন, ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত টানা পঞ্চমবার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া তাঁর গবেষণা জীবনের অনন্য স্বীকৃতি। তিনি এ অর্জন পরিবার, সহ-গবেষক, শিক্ষার্থী, সহকর্মী ও সহযোগীদের উৎসর্গ করেছেন। রেজিস্ট্রার ফেরদৌস রহমান আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তালিকায় বিশ্ববিদ্যালয়ের সদস্যসংখ্যা আরও বাড়বে। সংশ্লিষ্টদের মতে, এ স্বীকৃতি গবেষণার মান, আন্তর্জাতিক পরিচিতি ও গবেষণাবান্ধব পরিবেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।