চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীর বাজার এলাকায় ধনাগোদা নদী এখন কার্যত অচল হয়ে পড়েছে। কচুরিপানা জমাট, অবৈধ স্থাপনা ও দখলদারিত্বের কারণে নদীতে নৌচলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। শ্রীরায়ের চর ব্রিজ থেকে কালীর বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নদীটি বন্ধ হয়ে গেছে। এতে অন্তত আটটি লঞ্চঘাট অচল হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা এখন ঝুঁকি নিয়ে অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে নদী পার হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নদীর দুই পাড়ে বছরের পর বছর ধরে অবৈধভাবে মাছ ধরার ফাঁদ বসানো হয়েছে, যা জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে। ফলে কচুরিপানা জমে নদীটি সবুজ মরুভূমিতে পরিণত হয়েছে। একসময় এই নদীপথ দিয়ে ঢাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে পণ্য পরিবহন হতো, কিন্তু এখন তা সম্পূর্ণ বন্ধ।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানিয়েছেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং স্থায়ী সমাধানের জন্য জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা চলছে। কচুরিপানা অপসারণ, অবৈধ জাগ উচ্ছেদ ও নদীর নাব্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।