অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা একটি রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। দুদকের এক ব্রিফিংয়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছিল। মঙ্গলবার প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর বেঞ্চ এ আদেশ দেয়।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরুর সময় ব্রিফিংয়ে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে বক্তব্য দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয় রিটে। অনুসন্ধানাধীন এ বিষয়ে গণমাধ্যমে ওই বক্তব্য প্রচারের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছিল।
রিটে তদন্ত বা অনুসন্ধানাধীন বিষয়ে মানহানিকর সংবাদ সম্মেলন করা থেকে দুদককে বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়। আসিফ মাহমুদের পক্ষে তাঁর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা সোমবার, ২৮ সেপ্টেম্বর, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন। এতে দুদক চেয়ারম্যান, জনসংযোগ দায়িত্বে থাকা উপপরিচালক এবং সহকারী পরিচালককে বিবাদী করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।