বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) শনিবার রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অভিযানে “লা-অর্গানিক” নামের প্রতিষ্ঠানকে বিএসটিআই লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন ছাড়া লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন ও বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই ও ২০ কেজি বাটার জব্দ করা হয়।
অন্যদিকে রামপুরা বাজারের “প্রকৃতি ফুড” প্রতিষ্ঠানটি বিএসটিআই অনুমোদন ছাড়া “সেরেলাক্স” পণ্য বাজারজাত করায় প্রায় পাঁচ লাখ টাকার পণ্য জব্দ ও ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই কর্মকর্তারা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ সহায়তা করে।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ উৎপাদন ও বিপণন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।