বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার সকাল ১০টায় এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানগুলো ঢাকায় হবে এবং এতে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শেষ বৈঠক হয়, যেখানে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়নি। আসিফ নজরুল জানান, বৈঠকে নিজেদের অভিজ্ঞতা বিনিময় ও শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়। তিনি বলেন, সংসদ সদস্যদের শপথ সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার পড়াবেন এবং বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে, যা রাষ্ট্রপতি পড়াবেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে দক্ষিণ প্লাজায় শপথের প্রস্তাব দেওয়া হয়েছিল।
আইন উপদেষ্টা আরও জানান, আমন্ত্রণের বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে এবং এখন পর্যন্ত শুধু সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।