দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফলাফলে বোর্ডের অধীন ৪৯টি কলেজের কোনো পরীক্ষার্থী পাস করেননি। শূন্য ফল করা এসব প্রতিষ্ঠান নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় অবস্থিত।
প্রাপ্ত তথ্যানুযায়ী, শূন্য ফলাফল করা অধিকাংশ প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ১ থেকে ৩ জন। কয়েকটি কলেজে ৪ থেকে ১০ জন পরীক্ষার্থী ছিলেন। চার-পাঁচটি কলেজে পরীক্ষার্থী ছিলেন ১১ থেকে ২৪ জন; একটি কলেজে ৪০ জন এবং আরেকটি কলেজে ৫১ জন পরীক্ষার্থী ছিলেন। এসব পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে নীলফামারীর কিশোরগঞ্জ ও সদর উপজেলা, কুড়িগ্রামের নাগেশ্বরী এবং ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ রয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি, সেগুলোর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।