সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম নিয়ে নতুন জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ৩ আগস্ট ২০২৬ প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, বদলি-সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনার জন্য চারটি পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের কমিটির নিজস্ব এখতিয়ার অনুযায়ী আবেদন নিষ্পত্তির কথা বলা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, অন্যান্য কমিটির মাধ্যমে নিষ্পত্তিযোগ্য আবেদনও সরাসরি জাতীয় কমিটির কাছে জমা দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটির সদস্যসচিবরা আবেদন গ্রহণ না করায় শিক্ষকরা জাতীয় কমিটির কাছে আবেদন দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে সরাসরি জাতীয় কমিটির কাছে আবেদন করায় সরকারি কার্যক্রমের শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তাই কমিটিগুলোকে তাদের এখতিয়ারাধীন আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। জাতীয় কমিটির এখতিয়ারভুক্ত আবেদনও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে; অন্যথায় সেসব আবেদনে কোনো কার্যক্রম নেওয়া হবে না। বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।