Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নদ-নদীতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতকে কোনো করিডোর বা ট্রানজিট সুবিধা দেওয়া হবে না। রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে জাতীয় যুবশক্তির যুব সম্মেলনে তিনি বলেন, নদীতে পানি না এলে ভারতীয় পণ্য বাংলাদেশে আসতে পারবে না এবং ভারতীয় টেলিভিশন চ্যানেলও চলতে দেওয়া উচিত নয়।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে সরকারের আলোচনা ও চুক্তি জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান নাহিদ। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। তাঁর ভাষ্য, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন; তাই অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

সংস্কার প্রশ্নে সরকারের টালবাহানির সমালোচনা করে নাহিদ সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ তোলেন। তিনি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান করেন। পাশাপাশি আন্দোলন দমনে পুলিশ ব্যবহার না করা, স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, ওসমান হাদি হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলার বিচার দ্রুত করার দাবি জানান তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।