ঈদুল আজহা উপলক্ষে যাতায়াতের সময় সারা দেশে মোট ৪৪২টি সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ১,৩৪০ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়। ২১ মে থেকে ৪ জুন পর্যন্ত ১৫ দিনে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত ও ১,২৯৪ জন আহত হন। একই সময়ে ৩১টি রেল দুর্ঘটনায় ২৩ জন এবং ১৭টি নৌ দুর্ঘটনায় ১৩ জন প্রাণ হারান।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা ৩.৯৫ শতাংশ, প্রাণহানি ৩.০৭ শতাংশ ও আহতের সংখ্যা ৯.৪৭ শতাংশ বেড়েছে। মোটরসাইকেল দুর্ঘটনা এবারও শীর্ষে রয়েছে, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৮.৮৩ শতাংশ। অধিকাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে সংঘটিত হয় এবং মুখোমুখি সংঘর্ষ ও নিয়ন্ত্রণ হারানোই প্রধান কারণ।
সংগঠনটি জানায়, বৃষ্টিতে সড়কের গর্ত, চালক সংকট, বেপরোয়া গতি ও ত্রুটিপূর্ণ যানবাহন দুর্ঘটনা বৃদ্ধির মূল কারণ। তারা গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সড়ক নিয়ন্ত্রণ ও চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করার আহ্বান জানায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।