নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিতে কর্মচাঞ্চল্য ফিরলেও বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এখনো ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছে অর্থ বিভাগ। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামো নিয়ে আলোচনা করতে বিভাগটি আগামী ১ নভেম্বর ওয়ার্কিং গ্রুপের সভা ডেকেছে। অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনু বিভাগের যুগ্ম সচিব মনজুরুল হক সভায় সভাপতিত্ব করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের জিডিপি প্রবৃদ্ধিসহ অন্যান্য সূচক পর্যালোচনা করা হবে। মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রাজস্ব আদায়, সরকারি ব্যয়, বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান ও ব্যাংক খাতের পরিস্থিতিও আলোচনায় থাকবে। ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ মেয়াদে অর্থবছর চালুর সিদ্ধান্তের কারণে ২০২৭-২৮ অর্থবছরের জুলাই-মার্চের নয় মাসের সূচকও হিসাব করা হবে।
সেপ্টেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি বেড়ে ৮.৩২ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল ৮.২৬ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.১৪ শতাংশ। জ্বালানি আমদানি বিল রেকর্ড ১০.৬৩ বিলিয়ন ডলারে উঠেছে এবং জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৪.৪৭ শতাংশে। সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৬.৫০ শতাংশ প্রবৃদ্ধি ও ৭.৫০ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।