বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী, উদ্ভাবনী ও পরিবেশবান্ধবভাবে উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সমঝোতা স্মারক সই করেছে। মঙ্গলবার রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।
উদ্যোগের আওতায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইভেন্ট অর্গানাইজারের সহযোগিতায় বিশ্বমানের বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন বা বিটমা আয়োজনের কথা জানানো হয়েছে। লক্ষ্য হলো ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য অর্জনে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন এবং নতুন বাজার সম্প্রসারণ। অংশীজনরা বলেন, এতে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সর্বাধুনিক প্রযুক্তি ও টেকসই ফ্যাশনের সমন্বয় ঘটবে।
প্রদর্শনীর পরিচালনা, কৌশলগত সিদ্ধান্ত ও আর্থিক স্বচ্ছতার জন্য উভয় সংগঠনের পাঁচজন করে প্রতিনিধির সমন্বয়ে ১০ সদস্যের যৌথ কমিটি গঠন করা হবে। চেয়ারম্যানশিপ প্রতিবছর দুই সংগঠনের মধ্যে পর্যায়ক্রমে বদলাবে; প্রথম বছর বিটিএমএ চেয়ারম্যান এবং বিজিএমইএ কো-চেয়ারম্যান মনোনীত করবে। নেতারা আশা প্রকাশ করেন, এ প্ল্যাটফর্ম প্রযুক্তি হস্তান্তর, বৈদেশিক বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও নতুন বাণিজ্যিক নেটওয়ার্ক গঠনে সহায়তা করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।