পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের আছিয়া বেগম প্রায় দুই দশক ধরে বিধবা ভাতা থেকে বঞ্চিত। ২০০৭ সালে স্বামী আবদুল মজিদ হাওলাদার মারা যাওয়ার পর থেকে তিনি চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। বর্তমানে শারীরিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ভিক্ষা করে জীবনযাপন করছেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন আছিয়া বেগম।
দক্ষিণ পাঙ্গাসিয়ার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিত্তবান ও প্রভাবশালীদের স্বজনরা সরকারি সুবিধা পেলেও প্রকৃত দুস্থ আছিয়া বেগম কেন বঞ্চিত থাকবেন। তাদের প্রশ্ন, তিনি ভিক্ষা করেন বলেই কি তাকে অবজ্ঞা করা হচ্ছে, নাকি প্রয়োজনীয় অর্থ দিতে না পারায় তার নাম তালিকায় ওঠেনি।
পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম গাজী পাল্টা প্রশ্ন করেন, আছিয়া বেগম কি আবেদন করেছেন? উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ থেকে প্রেরিত তালিকায় আছিয়া বেগমের নাম পাওয়া যায়নি। চেয়ারম্যান নাম পাঠালে ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।