নিউ ইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এদের মধ্যে দুই-তৃতীয়াংশের মৃত্যুর জন্য দায়ী ইসরাইল। ইসরাইলি বাহিনীর হাতে ৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই গাজার ফিলিস্তিনি সাংবাদিক। এছাড়া ইয়েমেনে হুতিদের একটি মিডিয়া সেন্টারে হামলায় ৩১ জন কর্মী নিহত হয়েছেন।
সিপিজে জানায়, ১৯৯২ সালে রেকর্ড রাখা শুরু করার পর থেকে কোনো সরকার এত বেশি সাংবাদিক হত্যা করেনি, যতটা করেছে ইসরাইল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তত ৪৭ জন সাংবাদিককে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছে, যার ৮১ শতাংশ ঘটনার জন্য দায়ী ইসরাইল। সংস্থাটি আশঙ্কা করছে, গাজায় প্রবেশে কড়াকড়ি ও যাচাইয়ের সীমাবদ্ধতার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।