আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সাম্প্রতিক উন্নয়ন নিয়ে আলোচনায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরান সফর করছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনের মতে, মঙ্গলবার রাতে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন।
ইসলামাবাদে সাংবাদিকদের পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, বিভিন্ন পক্ষের গঠনমূলক যোগাযোগ এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। ইরান সরকারের ওয়েবসাইট জানায়, নাকভি পেজেশকিয়ানের কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের একটি বার্তা পৌঁছে দিয়েছেন। বার্তার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
এর আগে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রচেষ্টার সঙ্গে নাকভি যুক্ত ছিলেন। এ সফর এমন সময়ে হচ্ছে, যখন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ থেকে ফি নেওয়ার পরিকল্পনায় ইরান অনড় থাকার কথা জানিয়েছে। তেহরান ওমানের সঙ্গে একটি রুট নিয়ে সমঝোতার কথাও বলেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, অবরোধ ভাঙার চেষ্টা করা পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে তারা গুলি চালিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।