নোয়াখালী জেলায় হাম প্রতিরোধে ব্যাপক টিকাদান কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন ১৮ এপ্রিল ২০২৬ তারিখে এক সংবাদ সম্মেলনে জানান, এ কার্যক্রমের আওতায় ৫ লাখ ৫ হাজার ৩৫০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলার ৯ উপজেলা, ৮ পৌরসভা, ৯১ ইউনিয়ন, ২৭৯ ওয়ার্ড, ১,৩৮৫টি স্কুল ও ১,৪৮০টি মাদরাসায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। মাঠ পর্যায়ে ২,২৪১ জন টিকা প্রদানকারী ও ৪,৪৮২ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।
সাম্প্রতিক সময়ে হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২৭৩ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৬১ জন চিকিৎসাধীন এবং ৮ জনের হাম নিশ্চিত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের সহায়তায় জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। অভিভাবকদের গুজবে কান না দিয়ে শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জেলায় এখন পর্যন্ত হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং চিকিৎসাধীন রোগীদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।