ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকাল ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সব পদমর্যাদার সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সেনাপ্রধান বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী স্বাভাবিক নিয়মে ব্যারাকে ফিরে যাবে, তবে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান।
নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করে সেনাপ্রধান বলেন, কঠিন সময়ে সেনাবাহিনীর দক্ষতা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।