চট্টগ্রামের চকবাজারে ইন্টারনেট প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেট (ডিডিএন)-এ হামলার ঘটনায় র্যাব-৭ আরও নয়জনকে গ্রেপ্তার করেছে। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ২ কোটি টাকা চাঁদা না পেয়ে জনপ্রতি ৫০০ টাকায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা চালান বলে র্যাব জানিয়েছে। শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ২১ জনকে আটক করা হয়েছে। অভিযানে তিনটি ছুরি ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের তথ্যমতে, গত ১৩ জুলাই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৩০-৪০ জন সন্ত্রাসী অফিসে হামলা চালায়। তারা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভারসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে এবং কর্মচারীদের বেতনের জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানের ম্যানেজার চকবাজার থানায় মামলা দায়ের করেন।
রোববার সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর চীফ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, মূল অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।