Web Analytics

কম্বোডিয়ায় বসে বাংলাদেশিদের লক্ষ্য করে অনলাইনে বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। খুলনার হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান ওরফে সোহাগ, আবুল হাসান ওরফে নাঈম এবং সুমাইয়া খাতুন ওরফে শান্তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর দারুস সালামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মামলায় ৩৪ লাখ ৫৪ হাজার ২৮৬ টাকা খোয়ানোর অভিযোগ করেছেন।

সোমবার আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, চক্রটি সুন্দরী নারীর ছবি ব্যবহার করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খুলত। বন্ধুত্বের পর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফোন, বার্তা ও ভিডিও কলের মাধ্যমে বিনিয়োগে প্রলুব্ধ করা হতো। বিমান টিকিট কম দামে কিনে বেশি দামে বিক্রির কথা বলে ভুক্তভোগীকে টাকা দিতে উৎসাহিত করা হয়।

পিবিআই জানায়, ভুক্তভোগী ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর থেকে টাকা পাঠানো শুরু করেন এবং পরে নিরাপত্তা জামানত, ভিআইপি চ্যানেল ও কথিত বাংলাদেশ ব্যাংক ক্লিয়ারেন্সের নামে আরও অর্থ দাবি করা হয়। গ্রেপ্তার তিনজনকে তিন দিনের রিমান্ডের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। তদন্তে চক্রের আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।