চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে প্রায় সাত কেজি স্বর্ণসহ মোহাম্মদ রবিউল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। বিজিবির হিসাবে উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার-৭৮ এলাকায় একটি টহল দল অবস্থান নেয়। বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে দেহ তল্লাশি করা হয়। তাঁর কাছ থেকে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়, যার ওজন ছয় কেজি ৯৬৮ গ্রাম।
আটক রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলী বিশ্বাসের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি। তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, আসামি ও মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর করা হবে এবং স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।