আর্জেন্টিনায় ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান চিকিৎসাজনিত অবহেলা মামলায় তার নামে জমা দেওয়া মেডিকেল পরীক্ষার রিপোর্ট আসলে তার বাবা ডিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার বলে স্বীকার করেছে স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান সুইস মেডিক্যাল। এএফপির দেখা নথি অনুযায়ী, তদন্তকারী চিকিৎসা কমিশনে জমা দেওয়া ওই রিপোর্টগুলো ২০১৫ সালের, যে বছর ম্যারাডোনার বাবা মারা যান।
মামলায় বিচারাধীন সাত স্বাস্থ্যসেবা পেশাজীবীর একজনের পক্ষে থাকা আইনজীবী গত সপ্তাহে ভুলটির বিষয়টি প্রকাশ্যে আনেন। সুইস মেডিক্যাল আদালতে দেওয়া এক চিঠিতে এই গুরুতর ভুল স্বীকার করেছে। ম্যারাডোনার পরিবার তার চিকিৎসায় মারাত্মক অবহেলার অভিযোগ এনে মামলা করে।
মস্তিষ্কে রক্তক্ষরণের সফল অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে ম্যারাডোনা মারা যান। তার মৃত্যুর ক্ষেত্রে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া এবং ফুসফুসে পানি জমার কথা উল্লেখ করা হয়েছে। বহুল আলোচিত বিচার কার্যক্রমটি চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি শুরু হয়েছে এবং অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।