ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভ্যাক। মঙ্গলবার দেওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের স্লটের প্রাপ্যতার ওপর এটি নির্ভর করবে।
আইভ্যাক জানিয়েছে, স্লটের প্রাপ্যতা অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্লট খোলা থাকবে। শনিবার স্লট খোলার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের জন্য স্লট পাওয়া সাপেক্ষেই এই সময়সূচি কার্যকর হবে।
নির্দেশনায় একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না বলেও জানানো হয়েছে। আবেদনকারীরা কেবল পরবর্তী দুই সপ্তাহের মধ্যে থাকা অ্যাপয়েন্টমেন্টের তারিখের জন্য বুকিং করতে পারবেন। ভিসা প্রক্রিয়াকরণ বা বুকিংয়ের অন্য কোনো পরিবর্তন সম্পর্কে ঘোষণায় অতিরিক্ত তথ্য দেওয়া হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।