ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ফেস দ্য পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে দায়ের করা চাঁদা দাবি ও মানহানির মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। ২০২৬ সালের ৫ জুলাই রোববার মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে বিকেলে পিবিআইকে আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী মো. আজাদ রহমান জানিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা মাস্তুল ফাউন্ডেশনের অফিসে গিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫ হাজার টাকা দাবি করেন। এছাড়া ফাউন্ডেশনের কার্যক্রম চালিয়ে যেতে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। ফাউন্ডেশন কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা ভয়ভীতি ও সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ২৮ জুন ফেস দ্য পিপল অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুণ্ন করা হয়, যার ফলে প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার মানহানি ঘটেছে বলে দাবি করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।