ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি রাজধানীর বিভিন্ন রুটে ৬৯০টি নতুন শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস চালুর অনুমতি দিয়েছে। শুক্রবার কমিটির একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেন। আটটি পরিবহন কোম্পানি—শাপলা পরিবহন, চিত্রা পরিবহন লিমিটেড, টাইম বার্ড এক্সপ্রেস, স্প্রিন্ট শাটল প্রাইভেট লিমিটেড, ইকবাল এন্টারপ্রাইজ, নিউ ঢাকা পরিবহন, ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস ও ঢাকা ট্রান্সপোর্ট লাইন—নির্দিষ্ট রুটে এসব বাস পরিচালনা করবে। যাত্রীদের আধুনিক, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সব বাসে অটো ডোর ও ই-টিকেটিং ব্যবস্থা বাধ্যতামূলক, কন্ট্রাক্ট সিস্টেম বাতিল করে কাউন্টারভিত্তিক সেবা চালু করতে হবে এবং প্রতিটি কোম্পানির বাসে একই রং ও রুট নম্বর উল্লেখ থাকবে। কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশের প্রধান, যিনি রুট পারমিট ও পরিবহন কার্যক্রম তদারকি করেন।
পরিবহন বিশেষজ্ঞরা বলেছেন, নতুন বাস চালুর আগে যাত্রীচাহিদা, স্টপেজ ও সময়সূচি নির্ধারণ জরুরি। তারা ঢাকার গণপরিবহন সমস্যার টেকসই সমাধানে বিজ্ঞানভিত্তিক রুট পারমিট ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।