আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষের গ্রামে যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্ধারিত হারের বেশি ভাড়া নিলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে। এছাড়া ঈদের দিনসহ আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে।
মন্ত্রী শেখ রবিউল আলম জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে কঠোর তদারকি থাকবে। জাতীয় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কের মেরামত কাজ ঈদের দশ দিন আগে শেষ করতে হবে। হাইওয়ে পুলিশের প্রতিবেদনে চিহ্নিত ২০৭টি যানজটপূর্ণ স্থানে আগাম ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার সদরঘাট, মহাখালী, সায়েদাবাদ, গাবতলী ও ফুলবাড়িয়া টার্মিনালে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন করা হবে। টোল প্লাজা সচল রাখা, বিআরটিসির বিশেষ ঈদ সার্ভিস চালু এবং সিএনজি ও ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।