জটিল হৃদরোগের চিকিৎসায় চট্টগ্রামের সক্ষমতা বাড়ছে। চলতি বছরের প্রথম আট মাসে চট্টগ্রাম অঞ্চলের আটটি কেন্দ্রে ৩ হাজার ৬২০টি পিটিসিএ, অর্থাৎ এনজিওপ্লাস্টি বা স্টেন্টিং, সম্পন্ন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ১৪ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে বিভিন্ন ধরনের কার্ডিয়াক ইন্টারভেনশনাল কেস বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ। শুক্রবার চট্টগ্রামে আয়োজিত দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও প্রশিক্ষণে এ তথ্য উপস্থাপন করা হয়।
চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন যৌথভাবে ‘সিএমই অন কার্ডিয়াক ইন্টারভেনশন’ শীর্ষক প্রশিক্ষণ আয়োজন করে। এর বৈজ্ঞানিক অংশীদার ছিল অ্যাবট ভাস্কুলার। উপস্থাপিত তথ্যে বলা হয়, ২০২৫ সালে আটটি কেন্দ্রে ১৭ হাজার ২০টি কার্ডিয়াক ইন্টারভেনশনাল কেস এবং ৪ হাজার ৯৪৪টি পিটিসিএ হয়েছিল। চলতি বছরের প্রথম আট মাসে মোট কেস হয়েছে ১২ হাজার ১টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৮৬টি পিটিসিএ হয়েছে। বেসরকারি পর্যায়ে সিএসসিআরে ৬৭১টি, ম্যাক্স হাসপাতালে ৬৩৭টি, চিটাগাং মেট্রোপলিটন হাসপাতালে ৫৪৩টি এবং পার্কভিউ হাসপাতালে ৪৭৯টি হয়েছে। চিকিৎসকেরা নিয়মিত প্রশিক্ষণ, রোগীর তথ্যভিত্তিক রেজিস্ট্রি ও অভিজ্ঞ চিকিৎসকদের মেন্টর হিসেবে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।