গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগে দুই ফরাসি–ইসরাইলি নাগরিকের বিরুদ্ধে ‘গণহত্যায় জড়িত থাকার’ সন্দেহে পরোয়ানা জারি করেছে ফ্রান্সের কর্তৃপক্ষ। গত বছরের জুলাই মাসে জারি করা এই পরোয়ানায় অভিযুক্তরা হলেন ‘ইসরাইল ইজ ফরেভার’ সংগঠনের নিলি কুপফার-নাউরি এবং ‘টিএসএভি ৯’ গ্রুপের র্যাচেল তৌইতু। অভিযোগে বলা হয়েছে, তারা ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত নিতজানা ও কেরেম শালোম সীমান্তে গাজায় প্রবেশকারী ত্রাণবাহী ট্রাক আটকে দেওয়ার চেষ্টা করেন। তাদের তদন্তকারী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হতে বলা হয়েছে, তবে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়নি।
একটি এনজিওর আইনজীবী জানান, মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার ঘটনাকে ‘গণহত্যায় সহযোগিতা’ হিসেবে বিবেচনা করা নজিরবিহীন পদক্ষেপ। কুপফার-নাউরির আইনজীবী বলেন, তাদের কর্মকাণ্ড ছিল শান্তিপূর্ণ এবং উদ্দেশ্য ছিল হামাসসহ অন্যান্য গোষ্ঠীর ত্রাণ অপব্যবহারের প্রতিবাদ। তৌইতু সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রান্সের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন, আর কুপফার-নাউরি তদন্তকে ‘ইহুদি-বিরোধী উন্মাদনা’ বলেন।
ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আল-হক ও আল-মেজানসহ কয়েকটি সংগঠন এই অভিযোগ দায়ের করে। সূত্র জানায়, একই মামলায় আরও প্রায় ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হতে পারে, পাশাপাশি ফ্রান্সে পৃথক যুদ্ধাপরাধের মামলাও চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।