মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও গ্রামের কালচারাল কমপ্লেক্সে বুধবার দুপুর সাড়ে বারোটায় শুরু হয়েছে মনিপুরী মৈথৈ সম্প্রদায়ের তিনদিনব্যাপী ‘লাই হারাওবা’ উৎসব। অনুষ্ঠানটি আগামী শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ বিকেলে সমাপ্ত হবে। এ উৎসবে বাংলাদেশের খ্যাতনামা শিল্পী ও গবেষকদের পাশাপাশি ভারতের মণিপুর থেকে আগত একদল শিল্পী ও গবেষক অংশ নিচ্ছেন।
লাই হারাওবা স্টিয়ারিং কমিটি, বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ইউনেস্কো বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে আয়োজিত এই উৎসবটি পরিচালনা করছে কমিটি, সহযোগিতায় রয়েছে মণিপুরি কালচারাল কমপ্লেক্স, বাংলাদেশ পৌরৈঅপোকপা মরূপধর্মীয় সাংস্কৃতিক সংস্থা ও সাধন বাংলাদেশ। উৎসবের উদ্দেশ্য মনিপুরিদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশ।
‘লাই হারাওবা’ শব্দের অর্থ ‘দেবতাদের আনন্দ উৎসব’। এটি মনিপুরি জনগোষ্ঠীর প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব, যেখানে সৃষ্টি, দিব্য সত্তা ও সম্প্রীতির প্রতিফলন ঘটে ঐতিহ্যবাহী আচার, সঙ্গীত, মন্ত্রপাঠ ও নৃত্যের মাধ্যমে। আয়োজকরা সকল শ্রেণির মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন, যা বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগে সম্প্রদায়ভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব বাস্তবায়নের অংশ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।