মাদারীপুরের রাজৈর উপজেলায় ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলায় নাফিজ মোল্লা নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে মাদারীপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আ.স.ম শহীদুল্লাহ কায়সার এই রায় ঘোষণা করেন। পূর্বকান্দি শাখারপাড় গ্রামের মতিয়ার মোল্লার ছেলে নাফিজকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২১ মার্চ সকালে নবম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরীকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নাফিজ ও তার সহযোগীরা অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নাফিজ তাকে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও প্রধান আসামি নাফিজকে গ্রেপ্তার করে।
তিন বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রায় ঘোষণা করে নাফিজকে জেলহাজতে পাঠায়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর শরীফ মো. সাইফুল কবীর জানান, মামলার বাদি ও রাষ্ট্রপক্ষ উভয়েই এই রায়ে সন্তুষ্ট।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।