পঞ্চগড়ের দেবীগঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকচাপায় ছয় বছর বয়সী পাপড়ি রানী রায় নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটে। স্কুল ছুটির পর বাবার সঙ্গে দেখা করতে গিয়ে সড়কের পাশে খেলতে খেলতে শিশুটি মহাসড়কে উঠে গেলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভ চলাকালে একটি ওষুধ কোম্পানির গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরে দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।