Web Analytics

পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর নির্মিতব্য নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রীকে সশরীরে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় স্পিকারের মাধ্যমে তিনি এ আমন্ত্রণ জানান। দক্ষিণাঞ্চলের মানুষকে সম্মানিত করতে প্রধানমন্ত্রীকে বাউফলে আসার অনুরোধ করেন তিনি। সেতুটি আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে উদ্বোধনের কথা রয়েছে।

বক্তব্যের শুরুতে সেতুর নির্মাণ অগ্রগতি ও সার্বিক বিষয়ে সড়ক যোগাযোগ মন্ত্রীর দেওয়া জবাবের জন্য ধন্যবাদ জানান মাসুদ। পাশাপাশি তিনি দক্ষিণাঞ্চলের নৌপথের সংকটের বিষয়টি সংসদে তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পদ্মা সেতু নির্মাণের পর বরিশাল, ভোলা ও পটুয়াখালী অঞ্চলে নৌ-চলাচলভিত্তিক পর্যটন শিল্পের নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি হয়েছে। নদী কৃষি, মৎস্য, সেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গেও যুক্ত।

নাব্যতা সংকট ও শীতের কুয়াশায় দক্ষিণাঞ্চলের লঞ্চ শিল্প প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে উদ্বেগ জানান তিনি। পটুয়াখালী, বাউফল ও ভোলা থেকে ছেড়ে আসা লঞ্চ নাব্যতা সংকটে প্রায়ই ডুবোচরে আটকে যায় এবং গন্তব্যে পৌঁছাতে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সময় লাগে বলে তিনি জানান। নাব্যতা সংকট নিরসন ও নৌ-চলাচল সচল রাখতে মন্ত্রণালয়ের উদ্যোগ জানতে চান তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।