বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, ক্ষমতায় এসে তারা তা ভুলে গেছে। ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র কেবল সরকার গঠনের সাময়িক প্রক্রিয়া নয়; এটি মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা ও আইনের শাসনের প্রধান ভিত্তি।
তিনি বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রের কবর রচনা করেছিল এবং জনগণ ভোটাধিকার, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। তিনি বলেন, জনগণ বারবার রক্ত দিয়ে গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার করেছে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না।
ডা. শফিকুর রহমান বলেন, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধভিত্তিক বৈষম্যমুক্ত সমাজ গঠনে গণতন্ত্রের বিকল্প নেই। তিনি গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনকে সংকীর্ণ দলীয়করণমুক্ত করা এবং ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি দূর করার আহ্বান জানান। ন্যায্য নাগরিক সুবিধা আদায় ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্যও তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।