দেশের ১০ জেলা সদর হাসপাতালে নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রোববার আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠানে আইসিইউ কার্যক্রম উদ্বোধন করবেন। বাকি নয়টি হাসপাতাল ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি আইসিইউতে প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতালে এই আইসিইউগুলো চালু হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জেলা পর্যায়ে আইসিইউগুলো চালু হলে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের উন্নত ক্রিটিক্যাল কেয়ার সেবার জন্য আর রাজধানী বা বড় শহরে যেতে হবে না, স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসা পাওয়া যাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।