রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী ও ৪৮ জন শিশু। মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৮ জনের মৃত্যু হয়েছে, যা মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশ। প্রতিবেদনটি বুধবার প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১০৬ জন পথচারী এবং ৫১ জন চালক ও পরিবহন সহকারী ছিলেন। একই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। ২৯টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার মধ্যে ১৬৯টি জাতীয় মহাসড়কে, ১৫৫টি আঞ্চলিক সড়কে, ৬১টি গ্রামীণ সড়কে এবং ৬৬টি শহরের সড়কে ঘটেছে।
ঢাকা বিভাগে সর্বাধিক ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩৪টি দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু ও ৪৭ জন আহত হয়েছেন। সংস্থাটি ত্রুটিপূর্ণ যানবাহন, অতিরিক্ত গতি, অদক্ষ চালক, দুর্বল অবকাঠামো, ধীরগতির যান, বেপরোয়া মোটরসাইকেল ব্যবহার ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে প্রধান কারণ বলেছে। নিরাপত্তা জোরদারে তারা ১২ দফা সুপারিশ দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।