প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি কর্মসূচি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে সুস্পষ্ট প্রস্তাব তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এর ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে চালু হওয়া মেয়েদের সার্বজনীন উপবৃত্তির প্রভাব ও অর্জনও আলোচিত হয়। এতে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ইতিবাচক দিকগুলো উঠে আসে।
ছেলেদের শিক্ষায় উৎসাহ দিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে মিড-ডে মিলের ব্যবস্থাপনা, পুষ্টিমান এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী খাবারের মানে আপস না করার নির্দেশ দেন এবং দুটি বিকল্প পদ্ধতি যাচাইয়ে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশনা দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।