ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক খাতের দীর্ঘদিনের শক্ত অবস্থান দুর্বল হয়ে পড়ছে। ইউরোস্ট্যাট ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইইউতে মোট পোশাক আমদানি ২ দশমিক ১০ শতাংশ বেড়ে ৯০ বিলিয়ন ডলারে পৌঁছালেও গড় একক দাম কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ১৪ শতাংশ কম। বিশেষ করে ডিসেম্বর ২০২৫-এ রপ্তানি আয় কমেছে ১২ দশমিক শূন্য ৫ শতাংশ।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের কারণে অনেক দেশ বিকল্প বাজার হিসেবে ইউরোপে ঝুঁকছে, ফলে সরবরাহ বেড়ে প্রতিযোগিতা তীব্র হয়েছে এবং দামে চাপ পড়েছে। এর সঙ্গে ভারতের সঙ্গে ইইউর সদ্য ঘোষিত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ২০২৭ সালে কার্যকর হলে ভারতীয় পোশাকের ওপর ১২ শতাংশ শুল্ক তুলে নেওয়া হবে, যা ভারতের জন্য বড় সুবিধা তৈরি করবে।
বিজিএমইএ ও ইএবি নেতারা সতর্ক করেছেন, সময়োপযোগী নীতি সহায়তা, দক্ষতা বৃদ্ধি ও পণ্যের মানোন্নয়ন ছাড়া ইউরোপীয় বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখা কঠিন হবে, কারণ চীন, ভারত ও ভিয়েতনাম ইতিমধ্যে প্রণোদনা বাড়িয়ে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।