প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সরকার একটি একীভূত প্রবাসী কার্ড চালুর পরিকল্পনা করছে, যা বিদ্যমান বিএমইটি কার্ডের পরিবর্তে ব্যবহার করা হবে। মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, একাধিক কার্ডের পরিবর্তে একটি কার্ডের মাধ্যমে সব সেবা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউরোপ ও লাতিন আমেরিকাসহ বিশ্বের যেকোনো প্রবাসী এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। মন্ত্রী জানান, কার্ডটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে এবং যাচাই-বাছাই শেষে যোগ্য প্রবাসীরা এটি পাবেন। যদিও সুবিধাগুলো এখনো চূড়ান্ত হয়নি, তবুও এতে মুদ্রা ব্যবস্থাপনা, রেমিট্যান্স সুবিধা ও ডিজিটাল পরিচয় ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে।
মন্ত্রী আরও বলেন, প্রবাসীরা যেন ভূমি সংক্রান্ত সেবা ও হাসপাতালে অগ্রাধিকার সুবিধা পান, সে বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী নুরুল হক, সচিব মোখতার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।