ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা এবং শ্যালক শেখ আমিনুর রহমানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদকের হিসাবে, শেখ মামুন খালেদের নামে ১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৯৫ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। নিগার সুলতানার ক্ষেত্রে এ অঙ্ক ৫৮ লাখ ৭৪ হাজার ৮০৯ টাকা এবং শেখ আমিনুর রহমানের ক্ষেত্রে ৫ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার ৮৫৫ টাকা। নিগার সুলতানা ও শেখ আমিনুর রহমানের আয়কর নথিতে মৎস্য চাষ থেকে দেখানো আয় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি, কারণ নথি যাচাই ও পরিদর্শনে এসব আয়ের ভিত্তি পাওয়া যায়নি।
দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে মামলা তিনটি করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল। সূত্র অনুযায়ী, ডিবি পুলিশ গত ২৫ মার্চ রাতে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে। ২০২৫ সালের মে মাসে দুদকের আবেদনে আদালত তাকে ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।