দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী আবু নাছের শামীম (৫০) কে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, তার বাবা ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় যান এবং চার বছর আগে দেশে এসে পুনরায় সেখানে ফিরে গিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার বাবার ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সম্প্রতি নোয়াখালীর এক ব্যবসায়িক অংশীদারের সঙ্গে বড় দোকান বিক্রি নিয়ে বিরোধ দেখা দেয়। নিরাপত্তার জন্য তিনি দোকানে বুলেটপ্রুফ গ্লাস বসান ও নিরাপত্তাকর্মী নিয়োগ দেন। ঘটনার সময় তিনি নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছিলেন।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে। নিহতের পরিবার সরকারের কাছে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।