ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার শপথ গ্রহণের আগে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দলের প্রথম মন্ত্রিসভা ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন। দলীয় সূত্র জানায়, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমান প্রবীণদের অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করতে চান। গুলশান কার্যালয়ে তিনি প্রতিদিন সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা নিয়ে আলোচনা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের মন্ত্রিসভা প্রশাসনিক দক্ষতা ও জনমুখী ভাবমূর্তি বিবেচনায় সাজানো হচ্ছে। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্থানীয় সরকার, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত হতে পারেন। দীর্ঘদিনের আন্দোলনে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হবে, তবে বিতর্কিত ব্যক্তিদের এড়িয়ে একটি পরিষ্কার ভাবমূর্তির মন্ত্রিসভা গঠনের চেষ্টা চলছে।
যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারাও নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। বিএনপি বলছে, অংশগ্রহণমূলক কাঠামোর মাধ্যমে গণতন্ত্র পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।