ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে সম্ভাব্য বিক্ষোভের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের শহরের কেন্দ্রস্থল ও জনসমাগম এড়াতে বলেছে। ২৪ জানুয়ারি জারি করা এই সতর্কতা এখনও কার্যকর রয়েছে বলে নিউজউইক জানিয়েছে।
জার্মানি ও আয়ারল্যান্ডও একই ধরনের সতর্কতা জারি করেছে। জার্মানির পরামর্শে বলা হয়েছে, ট্রাম্পের অভিবাসন নীতি প্রয়োগের কারণে মিনিয়াপোলিসসহ বিভিন্ন শহরে জনশৃঙ্খলার ঝুঁকি তৈরি হয়েছে এবং কখনও কখনও বিক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে। আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ১৫ জানুয়ারির আপডেটে মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকায় ভ্রমণে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
এদিকে ২৭ জানুয়ারি মিনিয়াপোলিসে বক্তব্য দেওয়ার সময় কংগ্রেস সদস্য ইলহান ওমর হামলার শিকার হন। তিনি শারীরিকভাবে অক্ষত থেকে বক্তব্য চালিয়ে যান এবং পরে নিজেকে ‘সারভাইভার’ হিসেবে উল্লেখ করেন। মার্কিন মুসলিম অধিকার সংস্থা সিএআইআর ঘটনাটিকে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী উসকানির ফল বলে নিন্দা জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।