বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, মসজিদ-মাদরাসার দায়িত্বের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে আলেমদের। রোববার সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলায় ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা পবিত্র কোরআন-হাদিসে রয়েছে। শুধু হাফেজ হওয়া বা মাদরাসার শিক্ষক হওয়াতেই দায়িত্ব শেষ নয় বলে মন্তব্য করে তিনি মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর ইসলামের দাওয়াত, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব পালনের কথা উল্লেখ করেন। দ্বীনি শিক্ষার সঙ্গে দেশ, সমাজ, অর্থনীতি, প্রশাসন ও সমকালীন বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জনের আহ্বান জানান তিনি।
আজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে। মাদরাসার শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানেও দক্ষ হতে হবে। তিনি বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, শিক্ষক ও প্রশাসকসহ বিভিন্ন পেশায় যোগ্যতা অর্জন করে দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি জাকারিয়া।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।