জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ যদি ভোট চুরি বা জালিয়াতির চেষ্টা করে, তবে তার পরিণতি ফ্যাসিস্টদের মতো হবে। তিনি শুক্রবার সাভারের শাহীবাগ এলাকায় ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সতর্কতা দেন। নাহিদ ইসলাম বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ন্যায়বিচার, সংস্কার ও আধিপত্যবাদ থেকে মুক্তির নির্বাচন। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ নারী প্রচারকদের ভয় পেয়ে তাদের প্রচারে বাধা দিচ্ছে এবং শেরপুরে এক কর্মীকে হত্যা করেছে।
তিনি বলেন, শহিদ ওসমান হাদির হত্যাকারীদের ধরতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা। জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনসাফ প্রতিষ্ঠা ও জুলুমের বিরুদ্ধে রায় দিতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না যা দেশে ফ্যাসিবাদ বা দুর্নীতি ফিরিয়ে আনবে।
তিনি জানান, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশি-বিদেশি দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। দিলশানা পারুল বিদেশ থেকে ফিরে দেশের সেবা করতে এসেছেন বলে উল্লেখ করে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।