জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মজীবী নারীদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বামপন্থী শিক্ষার্থীরা রোববার সন্ধ্যায় ঝাড়ু মিছিল করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়, যেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা ডা. শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবিকে নাটক বলে আখ্যায়িত করেন এবং নারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। জাতীয় ছাত্র শক্তির জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহামন অন্বেষা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের অবমাননার বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছে। শিক্ষার্থী ফারিয়া জামান নিকি ও সোহাগী সামিয়াসহ অন্যরা এই মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং এমন রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেন।
বক্তারা জানান, এই ঝাড়ু মিছিল কেবল শুরু, ভবিষ্যতেও তারা এমন মানসিকতার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন।