স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীর পরস্পরবিরোধী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার যৌথ বিবৃতিতে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বলেন, নির্বাচন কমিশনকে অবিলম্বে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন ও স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
এনসিপি জানায়, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ স্থানীয় সরকার নির্বাচনের সাত ধাপের সম্ভাব্য তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এ বিষয়ে সরকার কিছু জানে না এবং সরকারের সঙ্গে আলোচনা হয়নি। পরে ইসি সচিব আখতার আহমেদ প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘শিরোধার্য’ বলে পাল্টা মন্তব্য না করার কথা জানান, যা দলটির ভাষ্য অনুযায়ী কমিশনের স্বাধীনতাহীনতা প্রকাশ করে।
দলটি অভিযোগ করে, সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার বদলে দলীয়করণের পথে যাচ্ছে এবং কমিশনের অতিরিক্ত সচিব পদে দলটির নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যুক্ত একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। ইসিকে নিরপেক্ষভাবে কাজ করতে না দিলে এবং প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ চললে জনসাধারণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ আন্দোলন গড়ার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।