আফ্রিকার শীর্ষ ধনী ব্যক্তি আলিকো ডাঙ্গোট কেনিয়ার উপকূলীয় লামু কাউন্টিতে ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার নির্মাণ শুরু করেছেন। বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ‘ডাঙ্গোট ইস্ট আফ্রিকা রিফাইনারি’ প্রকল্পের কাজ শুরু হয়। প্রস্তাবিত শোধনাগারটির দৈনিক ৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা থাকবে এবং এটি বৃহত্তর পূর্ব আফ্রিকার বাজারে জ্বালানি সরবরাহের লক্ষ্য নিয়ে গড়ে তোলা হচ্ছে।
এখান থেকে কেনিয়া ও প্রতিবেশী দেশগুলোতে পেট্রোল, ডিজেল এবং উড়োজাহাজের জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিশোধিত জ্বালানি আমদানির ওপর অঞ্চলের নির্ভরতা কমতে পারে। ডাঙ্গোট অনুষ্ঠানে ৪০ মাসের মধ্যে শোধনাগার উদ্বোধনের প্রতিশ্রুতি দেন। তিনি জানান, প্রকল্প এলাকায় ইতোমধ্যে ১১০টির বেশি সরঞ্জাম পৌঁছেছে এবং আগামী ৬০ দিনের মধ্যে আরও প্রায় ৪০০টি সরঞ্জাম পৌঁছানোর কথা রয়েছে।
অনুষ্ঠানে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের মাধ্যমে সরকার প্রকল্পটিতে অংশীদারত্ব নেওয়ার পরিকল্পনা করছে এবং সাধারণ মানুষও বিনিয়োগের সুযোগ পাবেন। তিনি লামুকে পূর্ব আফ্রিকা ও এর বাইরের অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্পকেন্দ্রে পরিণত করার উচ্চাকাঙ্ক্ষার কথা বলেন। অনুষ্ঠানে উগান্ডা, বেনিন, টোগো ও ইথিওপিয়ার নেতারাও উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।