Web Analytics

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আদম আলীকে দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা করেছে। সোমবার বিকেল চারটার দিকে একদন্ত ইউনিয়নের ষাটগাছা বাজার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আলোচিত কিশোরী তমা খাতুন ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডীপাশা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

২০২৪ সালের ২৪ ডিসেম্বর ষাটগাছা গ্রামের হাচেন আলীর বাঁশঝাড় থেকে তমা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছিল। তার গলায় গামছা প্যাঁচানো ছিল এবং তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই মামলায় আদম আলীকে প্রধান আসামি করা হয়। আটঘরিয়া থানার ওসি নাজমুল হক বলেন, হত্যাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি; তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।