বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও মানুষের জীবনমান উন্নয়নের কার্যক্রম শুরু করেছেন। তিনি জানান, নির্বাচনের পূর্ব প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে এবং যুবসমাজের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বীকরণ পরিকল্পনা আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান হবে। বুধবার দিবাগত রাতে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, ১৯৭১ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন, যা দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর একদলীয় শাসন চালু হলেও জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ আবারও গণতন্ত্র ফিরে পায়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছেন এবং বিএনপি সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।