Web Analytics

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে বাবরি মসজিদের মতো কোনো কাঠামো নির্মাণ করতে দেওয়া হবে না। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এক জনসভায় তিনি অভিযোগ করেন, আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ইঙ্গিতে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন। শাহ বলেন, বিজেপি সরকার গঠিত হলে এমন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না।

তিনি আরও অভিযোগ করেন, মমতা ব্যানার্জী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার বিরোধিতা করছেন। শাহ প্রতিশ্রুতি দেন, বিজেপি সরকার গঠিত হলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের করে দেওয়া হবে এবং সীমান্তে ৪৫ দিনের মধ্যে ৬০০ একর জমিতে বেড়া দেওয়া হবে। কৃষকদের জন্য মালদার প্রতিটি ব্লকে কোল্ড স্টোরেজ নির্মাণের আশ্বাসও দেন তিনি।

পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ এবং ৪ মে ফলাফল ঘোষণার কথা রয়েছে। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস ও সরকার গঠনের প্রত্যাশায় বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক লড়াই চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।