ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া বিয়ের হলফনামা তৈরির অভিযোগে বরগুনার এক আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নেজারত বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর খালিদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন মো. নয়ন, মোছা. রিমা এবং অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম (তরণ) ফরাজী, পাশাপাশি কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।
মামলার বিবরণে জানা যায়, ১৯ জুলাই আদালতের এক ম্যাজিস্ট্রেট বিয়ের হলফনামা যাচাইয়ের নির্দেশ দিলে দেখা যায়, উল্লিখিত নথিটি আদালতের রেজিস্টারে নেই এবং জাল স্বাক্ষর ও সিল ব্যবহার করে তৈরি করা হয়েছে। তদন্তে আরও জানা যায়, আসামিরা এই ভুয়া নথি ব্যবহার করে বরগুনায় একই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মিথ্যা মামলা করার চেষ্টা করেছিল, যা আদালত খারিজ করে দেয়।
প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে আদালতের নাম ও সিল জাল করে প্রতারণা চালিয়ে আসছিল। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।